সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র কুরআন শরীফ বিতরণ এবং নিয়মিত রক্তদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে বনপাড়া পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর এবং মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল-আরাফাত শান্ত।
মানব কল্যাণ ফাউন্ডেশনের বড়াইগ্রাম শাখার সভাপতি সালমান শাহ শিমুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাহসিনুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালিয়া শাখার সভাপতি মো. শাহারিয়ার হোসেন আশিক, বাগাতিপাড়া শাখার সভাপতি মো. সৌরভ হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে অতিথিরা কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, পবিত্র কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা, মানবিকতা এবং শান্তির মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা মানব কল্যাণ ফাউন্ডেশনের ধর্মীয় ও মানবকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার জন্য মোট ৬০টি পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়। একই সঙ্গে মানব কল্যাণ ফাউন্ডেশনের নিয়মিত রক্তদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।