কিছু মহল সরকারকে বিব্রত করতে অপতৎপরতা চালাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৬ ০২:৫১ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
কিছু মহল সরকারকে বিব্রত করতে অপতৎপরতা চালাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা প্রেস প্রতিবেদক

 

সরকারকে বিব্রত করতে একটি মহল বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে নিজেদের পরিচয় গোপন রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সরকার এসব তৎপরতাকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে না, যদিও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
 

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারবিরোধী কিছু মহল বিভিন্ন ইস্যুতে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আন্দোলনে অংশ নেওয়া অনেকের পরিচয় যাচাই করে দেখা গেছে, তারা শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন বলেও দাবি করেন তিনি।
 

তিনি বলেন, শিক্ষার্থীদের উত্থাপিত দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে তাদের অবস্থান স্পষ্ট করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাকে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চার থেকে পাঁচটি জেলার স্থগিত পরীক্ষাগুলো পরবর্তীতে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। এছাড়া পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে দুটি প্রশ্নে ভুল থাকার ঘটনায় তদন্তে শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। দায়ীদের চিহ্নিত করার পাশাপাশি ওই দুটি প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

তিনি বলেন, এসব সিদ্ধান্তে প্রকৃত পরীক্ষার্থীরা সন্তুষ্ট। এরপরও কেউ যদি পরবর্তী পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হন, তাহলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার সময় তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি সাম্প্রতিক একটি মন্তব্য নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
 

আরেক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে এ ধরনের ঘটনা ঘটেছে। বিষয়টি গণমাধ্যমে বেশি আলোচিত হলেও বাস্তবে এর পরিধি খুব বড় নয়। তারপরও সরকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।
 

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে প্রবেশ করে পরীক্ষা স্থগিত করা বা পরীক্ষা ছাড়াই পাসের ঘোষণা আদায়ের মতো একটি অপসংস্কৃতির জন্ম হয়েছিল। সেই প্রবণতার কিছু প্রভাব এখনো দেখা যাচ্ছে। তবে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়—এমন কোনো কর্মকাণ্ড সরকার হতে দেবে না।
 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন এবং শিক্ষার মান পুনরুদ্ধারে বদ্ধপরিকর। অতীতে অটোপাস, অতিরিক্ত জিপিএ-৫ প্রদান এবং নম্বর বাড়িয়ে দেওয়ার মতো নানা অনিয়মের কারণে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
 

তিনি আরও বলেন, এসব অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে প্রকৃত শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এতে কিছুটা সময় লাগলেও ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর এবং বিশ্ব প্রতিযোগিতায় সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার আপসহীন থাকবে।