অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় সহায়তা করলেন জায়েদ খান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৮ অপরাহ্ণ   |   ৪৮ বার পঠিত
অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় সহায়তা করলেন জায়েদ খান

বিনোদন প্রতিবেদক

 

অসুস্থ অভিনেতা ও কবি রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। রিফাতের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর তার চিকিৎসায় সহযোগিতার উদ্যোগ নেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জায়েদ খান বৃহস্পতিবার রিফাত চৌধুরীকে আর্থিক সহায়তা করেন।
 

জায়েদ খান বলেন, ‘শিল্পীর পাশে শিল্পী থাকবে—এটাই স্বাভাবিক। ওই জায়গা থেকেই সাধ্যমতো রিফাত ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আশা করি, অন্যরাও এই গুণী অভিনেতা ও কবির পাশে দাঁড়াবেন। রিফাত ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি।’
 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রিফাত চৌধুরীর অসুস্থতার খবর জানিয়ে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি জানান, আর্থিক সংকটের কারণে রিফাতের যথাযথ চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় পরিচিতজন, সহকর্মী, ভক্ত ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি।
 

রিফাত চৌধুরীর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়েছে অভিনয় শিল্পী সংঘও। সংগঠনটির পক্ষ থেকেও তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন জায়েদ খান।
 

জানা গেছে, দীর্ঘদিন ধরে পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। শারীরিক অসুস্থতার কারণে তিনি ঠিকমতো হাঁটাচলাও করতে পারছেন না। গত ১৪ সেপ্টেম্বর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 

হাসপাতালে ভর্তি হওয়ার পর শুরুতে ফ্লোরেই চিকিৎসা নিতে হয়েছে তাকে। পরে একটি বেডের ব্যবস্থা হয়। তার শারীরিক দুরবস্থার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তাকে হাসপাতালের একটি কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।