মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের সীমান্তে পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে নতুন একটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মাধুপাড়া এলাকায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন মাধুপাড়া বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে বিদ্যমান বিওপিগুলোর মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় ওই এলাকায় নজরদারি জোরদার এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে নতুন বিওপিটি স্থাপন করা হয়েছে। নতুন এই বিওপি চালুর ফলে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বাড়বে। পাশাপাশি পুশইন, মাদক পাচার, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে বিজিবির কার্যক্রম আরও গতিশীল হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, সীমান্তে কার্যকর নজরদারি, মানব পাচার, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সজাগ রয়েছে।
তিনি বলেন, নীলফামারী ৫৬ বিজিবির টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যবর্তী প্রায় ২২ কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে মাধুপাড়া বিওপি স্থাপন করা হয়েছে। নতুন এই বিওপি সব ধরনের চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে নীলফামারী ব্যাটালিয়নের অপারেশনাল সক্ষমতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিওপিতে দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান রিজিয়ন কমান্ডার। একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের ফিতা কেটে মাধুপাড়া বিওপির উদ্বোধন করেন। পরে তিনি প্যারেড গ্রহণ ও রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সুইচ চেপে বিওপির নামফলক উন্মোচন করেন।
অনুষ্ঠান শেষে বিওপি চত্বরে একটি আমগাছের চারা রোপণ করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ এবং সীমান্ত সুরক্ষা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।