তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ জুন ২০২৬ ০২:৩০ অপরাহ্ণ   |   ৫১ বার পঠিত
তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

ভ্যাপসা গরম আর তীব্র তাপপ্রবাহে দেশের বড় অংশ জুড়ে জনজীবন ওষ্ঠাগত। এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ৪০টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই তাপপ্রবাহ আরও অন্তত দুই থেকে তিন দিন বজায় থাকতে পারে। মঙ্গলবার অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

টানা দাবদাহে সাধারণ মানুষের স্বস্তি মিলছে না। দেশের কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও রাজধানী ঢাকায় গত কয়েক দিন ধরে বৃষ্টির দেখা নেই।

 

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, বর্তমানে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের সবকটি জেলাসহ টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মূলত পশ্চিমা লঘুচাপের প্রভাবে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরমের তীব্রতা কমছে না।

 

তবে এই চরম অস্বস্তিকর পরিস্থিতি থেকে শিগগিরই মুক্তি মেলার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। অধিদপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবারের (৪ জুন) পর থেকে সারা দেশে মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় হয়ে উঠতে পারে।

 

মৌসুমী বায়ুর আগমনের সঙ্গে সঙ্গেই দেশজুড়ে নিয়মিত বর্ষা মৌসুম শুরু হবে। আর সে সময় বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সারা দেশের তাপমাত্রা কমে আসবে এবং চলমান এই তাপপ্রবাহ কেটে যাবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা।