দ্রব্যমূল্যে স্বস্তি দিতে সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু আজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ মে ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ   |   ৫৩ বার পঠিত
দ্রব্যমূল্যে স্বস্তি দিতে সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু আজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজারে স্বস্তি ফেরাতে সারা দেশে বিশেষ ট্রাকসেল কর্মসূচি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। স্বল্প আয়ের মানুষের কাছে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

টিসিবি জানিয়েছে, কর্মসূচির আওতায় প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ৫০টি ট্রাক পরিচালিত হবে। চট্টগ্রামে থাকবে ২০টি ট্রাক। এছাড়া বাকি বিভাগীয় শহরগুলোতে ১৫টি করে এবং দেশের অন্যান্য ৫৬ জেলায় ১০টি করে ট্রাকসেল পরিচালনা করা হবে।

 

সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রতিটি ট্রাকে প্রতিদিন প্রায় ৪০০ জন ক্রেতা পণ্য কেনার সুযোগ পাবেন। ১০ দিনের এ কর্মসূচিতে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষকে সেবা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ সময়ে মোট ১৩ হাজার ৯৩৯ টন পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

খোলা বাজারে বিক্রির এ কার্যক্রমে যে কেউ পণ্য কিনতে পারবেন। তবে নির্ধারিত সীমার বাইরে কেনা যাবে না। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি এবং দুই কেজি মসুর ডাল সংগ্রহ করতে পারবেন।

 

টিসিবি নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার ভোজ্যতেল বিক্রি হবে ১৩০ টাকায়। এছাড়া প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং মসুর ডাল ৭০ টাকায় পাওয়া যাবে।

 

এদিকে নিম্ন আয়ের কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমও চালিয়ে যাচ্ছে টিসিবি। মে মাসজুড়ে ৭২ লাখ পরিবারের কাছে প্রায় ৩৪ হাজার ৮৪৮ টন পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

 

কার্ডধারী পরিবারগুলোর জন্য বরাদ্দকৃত পণ্যের পরিমাণ ও দাম আগের মতোই অপরিবর্তিত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।