মুক্তিযুদ্ধ ও চব্বিশ পরস্পরবিরোধী নয়: আমির খসরু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪৬ অপরাহ্ণ   |   ৫৩ বার পঠিত
মুক্তিযুদ্ধ ও চব্বিশ পরস্পরবিরোধী নয়: আমির খসরু

মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থান একে অপরের সঙ্গে সাংঘর্ষিক নয় বলে মন্তব্য করেছেন নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মুক্তিযুদ্ধ দেশের জন্মের সংগ্রাম, আর চব্বিশের গণঅভ্যুত্থান স্বৈরাচার পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লড়াই—দুটিরই নিজস্ব গুরুত্ব ও মূল্যবোধ রয়েছে।
 

 

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিন বুধবার প্রথম কর্মদিবসের সকালে সাভারে **জাতীয় স্মৃতিসৌধ**ে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, গত ২০ বছর নানা বাধা-বিপত্তি উপেক্ষা করে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গেছেন; তবে এবার সে ধরনের প্রতিবন্ধকতা পোহাতে হয়নি।
 

চব্বিশের গণঅভ্যুত্থানকে গণতন্ত্র ফিরিয়ে আনার ‘অর্ডার’ হিসেবে উল্লেখ করে আমির খসরু বলেন, “মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ। দুটো একে অপরের পরিপন্থী নয়। মুক্তিযুদ্ধ এই দেশের জন্মের যুদ্ধ, আর চব্বিশ স্বৈরাচার নিপাত করে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনার লড়াই। তাই উভয়কেই সম্মান করতে হবে।”
 

মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর দেশকে নতুন করে গড়ে তুলতে গিয়ে বহু প্রতিবাদ, আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে যেতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার পথে যারা জীবন দিয়েছেন—সবার অবদানই স্মরণযোগ্য, কাউকে বাদ দেওয়া যাবে না।
 

এ সময় গণতন্ত্রের প্রশ্নে আপসহীনভাবে লড়াই করা দল হিসেবে বিএনপিই একমাত্র দল—এমন দাবিও করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।
 

সূত্র: বিবিসি বাংলা