বাংলাদেশে ঢুকে আখ চুরি, ভারতীয় নাগরিককে পুলিশের কাছে হস্তান্তর বিজিবির

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ আগu ২০২৬ ০৮:৩৫ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
বাংলাদেশে ঢুকে আখ চুরি, ভারতীয় নাগরিককে পুলিশের কাছে হস্তান্তর বিজিবির

পঞ্চগড় প্রতিনিধি


 

পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোত সীমান্তে বাংলাদেশে প্রবেশ করে আখ চুরির অভিযোগে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে (৩৫) পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

রোববার (৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার মাগুরমারী সীমান্তে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে দীপঙ্করকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 

আটক দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকার মিশ্রিপাল গোপের ছেলে। তিনি পেশায় চা-শ্রমিক।
 

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সকালে দীপঙ্কর সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের বিরাজোত এলাকায় একটি আখক্ষেতে প্রবেশ করেন। সেখানে আখ চুরির সময় স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
 

স্থানীয়রা দীপঙ্করকে ফেরত দেওয়ার বিনিময়ে বুধবার সকালে একই সীমান্ত এলাকা থেকে বিএসএফের হাতে আটক ৭৮ বছর বয়সী বাংলাদেশি নাগরিক তমিজ উদ্দিনকে ফেরত দেওয়ার দাবি জানান। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একাধিক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তাৎক্ষণিকভাবে কোনো সমাধান হয়নি।
 

পরে স্থানীয়রা আটক ভারতীয় নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেন। রোববার বিকেলে পতাকা বৈঠক শেষে বিজিবি তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
 

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।