মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সমাজে মাদকবিরোধী জনসচেতনতা জোরদারের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার পৈয়াপাথর গ্রামে একটি মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে স্থানীয় সামাজিক সংগঠন পৈয়াপাথর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশনায় এ জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সমাবেশে মাদকের বিস্তার রোধ, তরুণদের বিপথগামিতা থেকে ফিরিয়ে আনা এবং পরিবারভিত্তিক সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
পৈয়াপাথর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. ফারুক ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও অন্যান্য ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মাদকমুক্ত সমাজ গঠন সহজ হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন খোকন, নবীপুর (পশ্চিম) ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, বিএনপি নেতা ডা. আলী হোসেন এবং নবীপুর (পশ্চিম) ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম মিয়া।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না; এটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি। এ সমস্যা মোকাবিলায় আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং জনসম্পৃক্ততা বাড়ানো জরুরি।
পৈয়াপাথর সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দুলাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক ইউনুস মিয়া, সাংগঠনিক সম্পাদক অলি মিয়া, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, ইকবাল হোসেন, সওকত হোসেন, হাজী আবু তাহের ও মাহাবুব মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশ শেষে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে সচেতন নাগরিক, অভিভাবক, শিক্ষক, তরুণ সমাজ ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।