বায়োপিক নির্মাণ হলে অভিনয়ে আগ্রহী পপি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ জুন ২০২৬ ০২:১৯ অপরাহ্ণ   |   ৪৭ বার পঠিত
বায়োপিক নির্মাণ হলে অভিনয়ে আগ্রহী পপি

বিনোদন প্রতিবেদক

 

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন। তাঁর অভিনয়ে ফেরা নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে নানা আলোচনা থাকলেও এবার এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। পপি জানিয়েছেন, নিয়মিতভাবে চলচ্চিত্রে ফেরার কোনো পরিকল্পনা তাঁর নেই। তবে নিজের জীবনভিত্তিক একটি মানসম্মত বায়োপিক নির্মিত হলে সেখানে অভিনয়ের ব্যাপারে আগ্রহী তিনি।
 

সম্প্রতি এক প্রতিক্রিয়ায় পপি বলেন, অভিনয়ে ফেরার জন্য বিভিন্ন সময় নানা প্রস্তাব পেলেও সেগুলো গ্রহণ করার ইচ্ছা নেই। বর্তমানে স্বামী ও একমাত্র সন্তান আয়াতকে নিয়ে পারিবারিক জীবনেই সময় কাটাতে চান তিনি। তাঁর ভাষায়, সুখী দাম্পত্য ও পারিবারিক জীবনই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।
 

তবে নিজের জীবন নিয়ে গবেষণানির্ভর ও নিখুঁতভাবে নির্মিত কোনো বায়োপিক হলে সেটিতে কাজ করার বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, তাঁর শৈশব, বেড়ে ওঠা, শিক্ষাজীবন, ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ, ব্যক্তিগত সংগ্রাম এবং চলচ্চিত্র জীবনের বিভিন্ন অধ্যায় যথাযথভাবে তুলে ধরা হলে তবেই বিষয়টি বিবেচনা করবেন। দেশে-বিদেশে তাঁর অসংখ্য ভক্ত রয়েছেন উল্লেখ করে পপি বলেন, বায়োপিকটি হতে হবে ব্যতিক্রমী ও মানসম্পন্ন।
 

গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় ওমর সানীর বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। প্রথম সিনেমাতেই অভিনয় দক্ষতা ও গ্ল্যামারাস উপস্থিতির কারণে দর্শকের নজর কাড়েন তিনি। এরপর একে একে ‘দরদি সন্তান’, ‘চারিদিকে শত্রু’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘প্রাণের প্রিয়তমা’, ‘লাল বাদশা’, ‘দু’জন দু’জনার’, ‘মেঘের কোলে রোদ’, ‘কী যাদু করিলা’ এবং ‘বস্তির রানী সুরিয়া’সহ অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেন।
 

অভিনয় জীবনে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন পপি। ২০০৩ সালে কালাম কায়সার পরিচালিত ‘কারাগার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথমবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান। পরে ‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অভিনয়ের জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি।
 

উল্লেখ্য, পপি সর্বশেষ সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমায় অভিনয় করেন। ওই ছবিতে তাঁর সহশিল্পী ছিলেন আমিন খান ও ইমন। বর্তমানে অভিনয়ের ব্যস্ততা থেকে দূরে থাকলেও নিজের জীবনভিত্তিক একটি ব্যতিক্রমী বায়োপিকে অংশ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি এই জনপ্রিয় অভিনেত্রী।