ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ অক্টোবর ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ   |   ৪৪ বার পঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এতে সাড়ে চার শতাধিক বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
 

সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার অপরাজয়-৭১ এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান বিজিবি সদস্যরা।
 

এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ মিয়া জানান, ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কে-৯ ডগ ইউনিটও কাজ করবে।
 

কর্নেল সুরুজ মিয়া বলেন, ভোটাররা যাতে নিরাপদ, নির্বিঘ্ন ও শঙ্কামুক্ত পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য। একই সঙ্গে সব প্রার্থী যাতে সমান সুযোগ পান এবং নির্বিঘ্নে নির্বাচনী প্রচার চালাতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
 

তিনি আরও বলেন, নির্বাচনে বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। এ লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হচ্ছে।
 

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল খ. আখলাকুর রহমান, সহকারী অধিনায়ক শিহাব উদ্দিনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 

উল্লেখ্য, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।