নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টার অভিযোগে করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (১১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন—মো. সাকিবুল হাসান, সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমি। আদালত আ ন ম আয়াস ও মো. সাকিবুল হাসানকে তিন দিন করে এবং সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, এদিন গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল গাফফার হিমেল। তিনি আসামিদের জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত চার আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টার সময় এক নারীসহ চারজনকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক বাদী হয়ে মামলা করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, উসকানিমূলক কর্মকাণ্ড এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।