মুরাদনগরে অবৈধ বালু উত্তোলন: ৪ জনের কারাদণ্ড, জব্দ ৪ ড্রেজার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ এপ্রিল ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ   |   ৬৯ বার পঠিত
মুরাদনগরে অবৈধ বালু উত্তোলন: ৪ জনের কারাদণ্ড, জব্দ ৪ ড্রেজার

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

কুমিল্লার মুরাদনগরে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪টি ড্রেজার জব্দ করা হয় এবং প্রায় ৩ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে।

 

মঙ্গলবার (৭ এপ্রিল) দিনব্যাপী উপজেলার সদর ইউনিয়ন ও শ্রীকাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম. সারোয়ার রাব্বীর নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান চালায়।

 

অভিযান সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের ইউসুফনগর এবং শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রেজার জব্দ এবং বিপুল পরিমাণ পাইপ অপসারণ করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট আইন, ২০০৯ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী দায়ের করা মামলায় ৪ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—শ্রীকাইল এলাকার খায়রুল মিয়া (৩৩), তারা মিয়া (৩৪), আক্কু মিয়া (৩৪) ও কালন মিয়া (৩৫)।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বী জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কৃষিজমি থেকে বালু উত্তোলনের অপরাধে তাদের আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান এবং ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।

 

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।