ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে ডিবি অফিসে যাতায়াতের অভিযোগ অস্বীকার ছাত্রদল নেতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ মে ২০২৬ ০৯:৩০ অপরাহ্ণ   |   ৩০ বার পঠিত
ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে ডিবি অফিসে যাতায়াতের অভিযোগ অস্বীকার ছাত্রদল নেতার

নাজির মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:


 

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জামিনে মুক্ত আলোচিত ছাত্রলীগ নেতা আতাউস সামাদ বাবুকে পুনরায় গ্রেফতারের লক্ষ্যে স্থানীয় এক ছাত্রদল নেতা ডিবি কার্যালয়ে নিয়মিত যাতায়াত করছেন—এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অভিযোগটি সরাসরি নাকচ করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা ও সাংবাদিক হামিদুর রহমান।
 

গত শুক্রবার (১ মে) আতাউস সামাদ বাবু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে দাবি করেন, হামিদুর রহমান নিয়মিত হবিগঞ্জ ডিবি অফিসে যাতায়াত করছেন এবং তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন।
 

অভিযোগের জবাবে হামিদুর রহমান বলেন, গত পাঁচ থেকে সাত বছরের মধ্যে তিনি কখনো ডিবি অফিসে যাননি। তাকে দিয়ে কাউকে গ্রেফতার করানো বা এ ধরনের কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে এ বিষয়ে কেউ প্রমাণ দিতে পারলে তা উপস্থাপনের আহ্বান জানিয়ে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন।
 

এদিকে, একই ঘটনাকে ঘিরে স্থানীয় চৌমুহনী বাজার কমিটির নেতা মাইনুল ইসলাম জুয়েল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিলে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা সৃষ্টি হয়।
 

মাইনুল ইসলাম জুয়েল বলেন, তিনি কাউকে উদ্দেশ্য করে কিছু বলেননি। জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি দাবি করেন, কিছু ব্যক্তির কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
 

অন্যদিকে, স্থানীয় যুবদল নেতা আনোয়ার হোসেন বেলাল বলেন, কোনো প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা উচিত নয়। তবে এলাকায় আন্তঃদলীয় সহাবস্থান বজায় থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
 

এ ঘটনায় সংশ্লিষ্ট ছাত্রলীগ নেতা বা অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। বিষয়টি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।