মোঃ আলমগীর হোসাইন হৃদয়,জামালপুর প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কৃষকদের জন্য বরাদ্দ করা সার অন্য উপজেলায় নেওয়ার সময় ৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস। জব্দ করা সারের মধ্যে রয়েছে ২ বস্তা পটাশ, ২ বস্তা টিএসপি ও ৩ বস্তা ডিএপি।
রোববার (২৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জের বরাদ্দকৃত সার ইসলামপুর উপজেলার মহলগিরি এলাকায় নেওয়া হচ্ছে বলে জানতে পারে বকশীগঞ্জ উপজেলা কৃষি অফিস। পরে উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ৭ বস্তা সার জব্দ করা হয়। পরে সেগুলো বকশীগঞ্জে নিয়ে আসা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বকশীগঞ্জের কৃষকদের জন্য বরাদ্দ করা সার ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়া হচ্ছিল—এমন খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৭ বস্তা সার জব্দ করা হয়েছে। বরাদ্দকৃত সার যাতে কোনোভাবেই অন্যত্র চলে যেতে না পারে, সে জন্য কৃষি অফিস নিয়মিত নজরদারি ও মনিটরিং করছে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, বকশীগঞ্জ থেকে অবৈধভাবে সারগুলো ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়া হচ্ছিল। খবর পেয়ে কৃষি কর্মকর্তা অভিযান চালিয়ে সেগুলো জব্দ করেন। জব্দ করা সার পরবর্তীতে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
বর্তমানে জব্দ করা সারগুলো উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে।