সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের (১৯) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য এ আবেদন করা হয়েছে।
সোমবার আদালতে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রাজধানীর শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার। এদিন বেলা ২টা ২২ মিনিটে পুলিশের একটি গাড়িতে করে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।
এর আগে রোববার গভীর রাতে মরিয়ামের বাবা মাছুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম এবং মরিয়ামের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন জাতীয় সংসদ সদস্যদের আবাসিক ভবন (ন্যাম ভবন) থেকে মরিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটে যায়। পরে রাত ১০টার দিকে একটি কক্ষের দরজা ভেঙে মরিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত পরিস্থিতি জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।