খাগড়াছড়িতে মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ ও বিধিমালা-২০১৭ বিষয়ে অবহিতকরণ কর্মশালা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ এপ্রিল ২০২৬ ০২:০০ অপরাহ্ণ   |   ১০৬ বার পঠিত
খাগড়াছড়িতে মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ ও বিধিমালা-২০১৭ বিষয়ে অবহিতকরণ কর্মশালা

খাগড়াছড়ি প্রতিনিধি:

 

খাগড়াছড়িতে মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ ও বিধিমালা-২০১৭ বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে সিভিল সার্জন কার্যালয় খাগড়াছড়ি। কর্মশালাটি বাস্তবায়ন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।

কর্মশালায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. ইউনুস আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নবজাতক শিশুর জন্য মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। বাজারে কৃত্রিমভাবে উৎপাদিত গুঁড়ো দুধ শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ ও বিধিমালা-২০১৭ অনুসরণ করে অপ্রয়োজনে এসব দুধ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মা যদি নিয়মিত শিশুকে মাতৃদুগ্ধ পান করান, তাহলে শিশুর পাশাপাশি মায়েরও বিভিন্ন রোগ, বিশেষ করে ক্যান্সারের ঝুঁকি কমে।

কর্মশালায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উপ-পরিচালক ডা. রওশন জাহান আখতার, সহকারী পরিচালক ডা. জরাশীষ রায় (Applied Nutritionist), খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, জুনিয়র ক্লিনিশিয়ান ডা. মো. তাজীর আনোয়ার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ জেলার ৯টি উপজেলার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।