হাসিনার রায় ভেঙে জনগণের ভোটে মন্ত্রী — কায়কোবাদের বক্তব্যে সরগরম মুরাদনগর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ মে ২০২৬ ০২:২৩ পূর্বাহ্ণ   |   ৮১ বার পঠিত
হাসিনার রায় ভেঙে জনগণের ভোটে মন্ত্রী — কায়কোবাদের বক্তব্যে সরগরম মুরাদনগর

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

 

“হাসিনা যাবজ্জীবন দিছে, আল্লাহ আমারে মন্ত্রী বানাইছে” — কায়কোবাদ

 

কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদের আবেগঘন বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। শুক্রবার (৮ মে) উপজেলার বাঙ্গরা থানার পূর্বধৈইর (পশ্চিম) ইউনিয়নের মালিপাড়ায় নবনির্মিত ‘মসজিদুল কুবা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হাসিনা আমারে যাবজ্জীবন সাজা দিছে, আর আল্লাহ আমারে মন্ত্রী বানাইছে। আল্লাহ যা চান তাই হয়।”

 

মন্ত্রী বলেন, দীর্ঘ এক যুগ ধরে অনেকে ধারণা করেছিলেন তিনি আর দেশে ফিরতে পারবেন না কিংবা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন না। তাকে রাজনীতি থেকে দূরে রাখতে একের পর এক মামলা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তবে জনগণের সমর্থন ও আল্লাহর ইচ্ছায় সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

 

তিনি আরও বলেন, “আপনাদের ভোটে আমি সংসদ সদস্য হয়েছি, মন্ত্রীও হয়েছি। জনগণের শক্তির চেয়ে বড় কিছু নেই।”

 

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী সমাজে মাদক, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, এসব অপরাধ সমাজকে ধ্বংস করছে। প্রশাসন ইতোমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে এবং এ অভিযান অব্যাহত থাকবে। দল-মত নির্বিশেষে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

 

এর আগে সকালে মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে অংশ নেন ধর্মমন্ত্রী। সেখানে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষকবান্ধব সরকার। কৃষকদের উন্নয়নে কৃষক কার্ডসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

 

তিনি জানান, পর্যায়ক্রমে দেশের প্রতিটি কৃষকের হাতে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিতে সরকার কাজ করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় উপজেলার ২২টি ইউনিয়নের কৃষকদের মাঝে মোট ১৬৭টি কৃষি উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ছিল বেড প্ল্যান্টার, ধান কর্তন যন্ত্র, ভুট্টা মাড়াই যন্ত্র, সেচ পাম্প ও ধান মাড়াই যন্ত্র।

 

ধর্মমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ইমাম-মোয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সম্মানী ভাতা চালু করেছে এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমও শুরু করেছে। জনগণের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

বিকেলে মুরাদনগর উপজেলা পরিষদের সামনে ‘৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী ও বিশুদ্ধ পানির উপকরণ বিতরণ করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন, বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

 

এছাড়া কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, সৌদি আরব প্রবাসী মামুন সরকারের উদ্যোগে মালিপাড়ায় ‘মসজিদুল কুবা’ নির্মাণ করা হয়েছে।