মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ মে ২০২৬ ০৬:৪০ অপরাহ্ণ   |   ৫২ বার পঠিত
মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটির দিনগুলোতে মেট্রোরেলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন ঘোষণায় জানানো হয়েছে, ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

 

বৃহস্পতিবার ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

নতুন সময়সূচি অনুযায়ী, ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। শেষ ট্রেন উত্তরা উত্তর থেকে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।

 

উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল

সকাল ৬:৩০ থেকে ৭:১০ পর্যন্ত -২০ মিনিট পরপর
সকাল ৭:১১ থেকে ১০:২৫ পর্যন্ত -১৫ মিনিট পরপর
সকাল ১০:২৬ থেকে রাত ৯:০০ পর্যন্ত -১২ মিনিট পরপর
রাত ৯:০১ থেকে ৯:৩০ পর্যন্ত -১৫ মিনিট পরপর

 

মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলাচল

সকাল ৭:১৫ থেকে ১১:০৩ পর্যন্ত -১৫ মিনিট পরপর
সকাল ১১:০৪ থেকে রাত ৯:৪০ পর্যন্ত -১২ মিনিট পরপর
রাত ৯:৪১ থেকে ১০:১০ পর্যন্ত -১৫ মিনিট পরপর

 

ডিএমটিসিএল জানিয়েছে, ঈদের ছুটির সময় যাত্রীচাপ বিবেচনায় সর্বনিম্ন ১২ মিনিট এবং সর্বোচ্চ ২০ মিনিট বিরতিতে ট্রেন চলবে। প্রতিদিন প্রায় ১৪০টি ট্রিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ জন্য ব্যবহার করা হবে ৭টি ট্রেন সেট। তবে যাত্রীসংখ্যা অনুযায়ী ট্রিপ বাড়ানো বা কমানো হতে পারে।

 

টিকিট বিক্রি ও টপ-আপের সময়

সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা এবং এমআরটি পাস বা র‍্যাপিড পাস টপ-আপ করা যাবে।

 

তবে শুক্রবার উত্তরা উত্তর স্টেশনে বিকেল ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল স্টেশনে বিকেল ৩টা ৫ মিনিট থেকে টিকিট বিক্রি ও টপ-আপ কার্যক্রম শুরু হবে।

 

রাত ৯টা ২০ মিনিটের পর সব স্টেশনের টিকিট কাউন্টার ও টিকিট বিক্রয় মেশিন বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নতুন র‍্যাপিড পাস কেনা যাবে।