বাঁশখালীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভায় কঠোর হুঁশিয়ারি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ এপ্রিল ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ   |   ৪৬ বার পঠিত
বাঁশখালীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভায় কঠোর হুঁশিয়ারি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) জুমার নামাজের পর উপজেলার পশ্চিম চাম্বল বাংলা বাজার এলাকায় সর্বসাধারণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলটি বাংলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা বাজার ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে মনির উল্লাহর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন পশ্চিম বাংলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম, নুরুল হাকিম, ফরমান মহিউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা অভিযোগ করে বলেন, চাম্বল ইউনিয়নের বাংলা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার ঘটছে, তবে তা প্রতিরোধে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। তারা বলেন, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হচ্ছে, যা গভীর উদ্বেগের বিষয়।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। মাদক কারবারে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর এবং এলাকা থেকে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তারা।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিল ও সভায় অংশ নেন এবং মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।