আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে ইটভাটায় কাজ করার সময় কাদা মেশানোর অটো মোল্ডিং মেশিনের নিচে চাপা পড়ে লিয়াকত আলী (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারী এলাকার ‘ভাই ভাই ব্রিকস’ ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়াকত আলী উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোরখালী এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি গুনারীতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি ইটভাটাটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
স্থানীয় ও ইটভাটা সূত্রে জানা যায়, রোববার সকালে চলতি মৌসুমের কাজের জন্য ইটভাটাটি উদ্বোধন করা হয়। দুপুরে কাজ চলাকালে কাদা মেশানোর অটো মোল্ডিং মেশিনটি পেছানোর সময় অসাবধানতাবশত লিয়াকত আলী মেশিনটির নিচে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তরিকুল ইসলাম রনি জানান, হাসপাতালে আনার আগেই লিয়াকত আলীর মৃত্যু হয়েছিল। জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা খাদেমুল ইসলাম বলেন, “তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। আমরা তাঁর এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছি না।”
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, লিয়াকত আলী দলের একজন সক্রিয় ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তাঁর অকালমৃত্যুতে উপজেলা বিএনপি গভীরভাবে শোকাহত।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।