ডিসেম্বরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি: মহাপরিচালক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ নভেম্বর ২০২৬ ০৬:৪৮ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
ডিসেম্বরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি: মহাপরিচালক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

 

ডিসেম্বর মাসকে সামনে রেখে দেশের সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও যাতায়াতের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
 

একই সঙ্গে মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
 

রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিজিবি মহাপরিচালক।
 

তিনি বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে এক দেশ থেকে অন্য দেশে মানুষের যাতায়াত বন্ধ করা বিজিবির অন্যতম দায়িত্ব। ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ফেনী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে।
 

মহাপরিচালক আরও বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতেই মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড যাতে সংঘটিত হতে না পারে, সে বিষয়ে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
 

এ সময় সীমান্ত এলাকার বাসিন্দাদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তির চলাচল কিংবা অবৈধ অনুপ্রবেশের বিষয়ে তথ্য পাওয়া গেলে তা দ্রুত বিজিবিকে জানাতে হবে। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা হবে।
 

পরিদর্শনকালে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।