ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছাকে ‘দুঃস্বপ্ন’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই ফিরতে হবে। স্বাভাবিক বাণিজ্যিক ফ্লাইটে তার দেশে ফেরার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঢাকায় বিদেশি কূটনীতিকদের দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফেরার ইচ্ছা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, কেউ ইচ্ছা করলে দুঃস্বপ্ন দেখতে পারেন যে তিনি হেঁটে কিংবা বিমানে বাংলাদেশে ফিরে আসছেন। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তিনি কোনো সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হলে প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নিরাপত্তা ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে দেশে আনার বিষয়টি বিবেচনায় আসবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মানুষের আকাঙ্ক্ষা আর বাস্তবতা এক বিষয় নয়। বিভিন্ন পরামর্শক নিয়োগ করে অনেক কিছু লেখানো যেতে পারে, কিন্তু তাতে বাস্তব পরিস্থিতির পরিবর্তন হয় না। কোনো সন্ত্রাসীকে প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া অন্য কোনোভাবে দেশে ফিরতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সহিংসতার পেছনে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনা সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির এসব কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেন। তিনি বলেন, দেশে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে, সেগুলোর পেছনে আওয়ামী সন্ত্রাসবাদ রয়েছে বলে সরকার মনে করে।
তার অভিযোগ, দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। বিষয়টি দেশের মানুষের কাছে স্পষ্ট বলেও মন্তব্য করেন তিনি।
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি সরকার ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে উল্লেখ করে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, সরকার আত্মবিশ্বাসী। জনগণের ভোটে নির্বাচিত দুই-তৃতীয়াংশ সমর্থন পাওয়া এই সরকার কোনো অবৈধ বা অনির্বাচিত সরকার নয়।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন। তবে এসব কর্মকাণ্ডে মানুষ আতঙ্কিত না হয়ে বরং সংশ্লিষ্ট ব্যক্তিরাই ভীত হয়ে পড়ছেন বলে দাবি করেন তিনি।
‘জয় বাংলা’ স্লোগান নিয়েও মন্তব্য
‘জয় বাংলা’ স্লোগান প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্লোগানটি এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে। এ সময় নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আগের দিন একটি ভবনের চারতলা থেকে নামার সময় হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান শুনে তিনি খোঁজ নেন। পরে দেখতে পান, একজন ওই স্লোগান দিতে দিতে দৌড়ে পালিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। দলটির জনসমর্থন নেই এবং জনগণ তাদের কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রীর ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে গুণগত পরিবর্তন এবং উন্নত শাসনব্যবস্থা প্রত্যাশা করছে। জনগণ আর কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা দেখতে চায় না। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের জনগণই আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভবিষ্যৎ অবস্থান সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর থাকবে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে অভিযোগ করা সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন ও মোকাবিলা করা হবে।
কূটনীতিকদের দেশের পরিস্থিতি অবহিত করল সরকার
এর আগে মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করে সরকার। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন ও জাপানসহ প্রায় ৬০টি দেশের কূটনৈতিক মিশনের প্রধান এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ব্রিফিংয়ে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের নেওয়া উদ্যোগ সম্পর্কে কূটনীতিকদের অবহিত করা হয়।
এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে সহিংসতা ও নাশকতার অভিযোগ এবং এসব ঘটনা মোকাবিলায় সরকারের পদক্ষেপও তুলে ধরা হয়।
বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ শেখ হাসিনার
এর আগে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা। এ জন্য ভারতের রাজধানী দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাকে ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ তথ্য জানান। তার দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই বিজয় দিবসে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেছেন শেখ হাসিনা।
এর আগে গত ৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠিয়েছিল শেখ হাসিনার পক্ষে কাজ করা আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। পরে ১৯ নভেম্বর এ বিষয়ে অগ্রগতি জানতে আবারও চিঠি দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। পরবর্তী সময়ে জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে ভারতে অবস্থান করে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।