মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে নিয়ন্ত্রণ হারানো যাত্রীবাহী বাসের চাপায় শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগম (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা ‘শান্তি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস বকশীগঞ্জ হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। বাসটি ঠাকুরপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে বাসটি সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে। একই সঙ্গে বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং এর হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।