স্বাস্থ্যসেবায় বিদ্যমান বৈষম্য দূর করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেন, যথাসময়ে হামের টিকা প্রদান নিশ্চিত না করে বিগত দুটি সরকার জাতির সঙ্গে ক্ষমাহীন অপরাধ করেছে।
শনিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত এই সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নানামুখী তৎপরতার ফলে দেশে হামের প্রাদুর্ভাব অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সামনের দিনগুলোতে স্বাস্থ্য খাতের এই অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয় ও যুগোপযোগী ভূমিকা পালনের নির্দেশনা দেন তিনি।
সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাসসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ নিজ এলাকায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। তৃণমূল পর্যায়ে সরকারের স্বাস্থ্য নীতি ও নির্দেশনা বাস্তবায়নে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।