মুরাদনগরে অবৈধ ইটভাটা ও আচরণবিধি লঙ্ঘনে মোবাইল কোর্ট, জরিমানা ৮ লাখ ১০ হাজার টাকা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৫ অপরাহ্ণ   |   ৬৮ বার পঠিত
মুরাদনগরে অবৈধ ইটভাটা ও আচরণবিধি লঙ্ঘনে মোবাইল কোর্ট, জরিমানা ৮ লাখ ১০ হাজার টাকা

ডেস্ক নিউজ-ঢাকা প্রেস

 

কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী, পরিবেশ অধিদপ্তর, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

 

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) নিয়ম বহির্ভূতভাবে ইটভাটা পরিচালনা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার দায়ে তিনটি ব্রিক ফিল্ডকে মোট ৮ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে এসব ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসিলভুক্ত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এই দণ্ডাদেশ দেওয়া হয়।

 

জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো— যাত্রাপুর এলাকার চয়নিকা ব্রিকসকে ৩ লাখ টাকা, শ্রীকাইল এলাকার রয়েল ব্রিকসকে ২ লাখ টাকা এবং একই এলাকার প্রভা ব্রিকসকে ৩ লাখ টাকা।

 

এছাড়া একই দিনে ধামঘর ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি, ২০২৫-এর বিধি ১৭ লঙ্ঘনের অপরাধে বিধি ২৭ অনুযায়ী ইব্রাহিম নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

এর আগে, রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) মুরাদনগরের বিভিন্ন হাটবাজার ও ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদনগরের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁনের নেতৃত্বে এসব মোবাইল কোর্ট পরিচালিত হয়।