ফারহান ফাইয়াজ হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি বাবার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ জুন ২০২৬ ০২:২৭ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
ফারহান ফাইয়াজ হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি বাবার

ঢাকা প্রেস প্রতিবেদক

 

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া। সাক্ষ্য প্রদানকালে তিনি ছেলে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
 

বুধবার বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তার সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট ২৮ জন আসামি রয়েছেন।
 

জবানবন্দিতে শহিদুল ইসলাম তার ছেলে ফারহান ফাইয়াজের হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 

ফারহান ফাইয়াজ রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডিতে কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। তার মৃত্যুর ঘটনায় সে সময় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ফারহানের সহপাঠীসহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদে সরব হয়ে ওঠেন।
 

মামলার ২৮ আসামির মধ্যে বর্তমানে চারজন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
 

অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, এডিসি রওশুনুল হক, এম এ সাত্তার, তোফায়েল, তারেকুজ্জামান, আরিফুর রহমান তুহিন, আহাদ হোসাইন, মো. ইউনূস, মোল্লা রুবেল, আজিজুল হক, রিয়াজ মাহমুদ, হৃদয়, মাইনুল ইসলাম, শেখ বজলুর রহমান, জহির উদ্দিন, আয়মান, সেন্টু মিয়া এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।
 

এর আগে গত ১০ মে প্রসিকিউশনের দাখিল করা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল-১ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
 

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরীহ ছাত্র-জনতার ওপর নৃশংস হামলা ও গুলিবর্ষণ চালায়। আসামিদের উসকানি, প্ররোচনা এবং প্রত্যক্ষ ও পরোক্ষ উপস্থিতিতে সংঘটিত ওই ঘটনায় মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ মোট ৯ জন নিহত হন এবং আহত হন আরও বহু মানুষ।