মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে সার ডিলার নিয়োগে আওয়ামী লীগ-সমর্থিত ব্যবসায়ীদের নাম প্রস্তাব এবং বিএনপির সার ব্যবসায়ী আবেদনকারীর নাম প্রস্তাব না করার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ও শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার নোয়াহাটি বাজারসহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শাহজাহানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও শাহপরান ট্রেডার্সের মালিক বিল্লাল হোসেন এবং শাহপুর বাজারের মিম ট্রেডার্সের মালিক লিটন মিয়ার নাম সার ডিলার হিসেবে প্রস্তাব করা হয়েছে। তাদের দাবি, ডিলার নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত গুদামসংক্রান্ত শর্ত যথাযথভাবে যাচাই না করেই সংশ্লিষ্টদের প্রত্যয়ন দেওয়া হয়েছে।
বক্তারা বলেন, ইউনিট ডিলার হওয়ার জন্য ৫০ মেট্রিক টন ধারণক্ষমতার গুদাম থাকার শর্ত রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ওই শর্ত পূরণ করেছেন কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। তারা অভিযোগের তদন্ত করে বিতর্কিত প্রস্তাব বাতিলের দাবি জানান।
এদিকে তানিম ট্রেডার্সের মালিক ও যুবদল নেতা মোহাম্মদ আব্দুর নূর অভিযোগ করেন, গত ৮ মার্চ তিনি হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি জিএম সরফরাজের কাছে সার ডিলারের জন্য আবেদন করেন। তার দাবি, নির্ধারিত সব শর্ত পূরণ করা সত্ত্বেও তার আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাব হিসেবে পাঠানো হয়নি।
আব্দুর নূরের অভিযোগ, মাধবপুর উপজেলা কৃষি অফিস থেকে তার বিষয়ে একটি ‘ভুয়া প্রতিবেদন’ দেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে মন্ত্রণালয়ে তার নাম প্রস্তাব করা হয়নি। এতে তাকে হয়রানির শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, “আমি ইউনিট ডিলারের আবেদনের সব শর্ত পূরণ করে আবেদন করেছি। এরপরও আমার আবেদন প্রস্তাব হিসেবে পাঠানো হয়নি। বিষয়টি তদন্ত করে ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে বক্তারা বিতর্কিত প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন শাহজাহানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন খান, মাধবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার মিয়া, উপজেলা বিএনপির সহ-তথ্য ও প্রচার সম্পাদক রিপন মিয়া এবং শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আবুল খায়ের।
অভিযোগের বিষয়ে মাধবপুর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার বলেন, “এ বিষয়ে আমার কোনো দোষ নেই। সবকিছু কমিটির সভাপতি ও ইউএনও প্রস্তাব করেছেন। এর বেশি কিছু বলতে রাজি নই।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সার ডিলার প্রস্তাবের বিষয়টি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকারের মাধ্যমে এবং তার পরামর্শে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ ও মেসেজ দেওয়া হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
হবিগঞ্জের জেলা প্রশাসক জিএম সরফরাজ বলেন, “বিএনপির সার ব্যবসায়ীর কারও ফাইল গায়েব হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। কোনো ভুয়া প্রত্যয়ন দেওয়া হয়ে থাকলে তা বাতিল করা হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।”