সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে মাছ শিকার রোধে পরিচালিত এক অভিযানে ৫৪টি নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সাথে মাছ শিকারের জন্য অবৈধভাবে নির্মিত একটি বাঁধও গুড়িয়ে দেওয়া হয়।
সোমবার উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জোনাইল ইউনিয়নের কৈখোলা বিলে এ অভিযান পরিচালিত হয়। মৎস্য বিভাগ জানায়, উদ্ধারকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন জানান, নিষিদ্ধ চায়না জাল ব্যবহারের ফলে ছোট মাছ, মাছের পোনা এবং বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হয়, যা প্রাকৃতিক মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্যের জন্য চরম হুমকি। দেশীয় মাছের অবাধ প্রজনন ও জলজ পরিবেশ রক্ষায় মৎস্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে সহকারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুবাশ্বির হোসেনসহ স্থানীয় পুলিশ ফোর্সের একটি টিম উপস্থিত ছিল।