রাজধানীর মিরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মাইনুল হোসেন খান নিখিলের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাসভবনটিতে অগ্নিসংযোগও করা হয়।
বুধবার রাত ৯টার দিকে মিরপুর ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের ছয়তলা বাসার নিচতলায় এ হামলা ও ভাঙচুর চালানো হয়।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে ছাত্রদলের একদল বিক্ষুব্ধ নেতা-কর্মী মিরপুরে অবস্থিত মাইনুল হোসেন খান নিখিলের বাসভবনে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাসভবনের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়।
ভাঙচুরের ঘটনা স্বীকার করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহমেদ গণমাধ্যমকে বলেন, “যুবলীগ একটি নিষিদ্ধ সংগঠন। এই সংগঠনের সাধারণ সম্পাদক নিখিলের নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়া হচ্ছে। এই ভাঙচুরের মাধ্যমে তাকে সাবধান করা হলো।”
আকরাম আহমেদ আরও বলেন, “গোপালগঞ্জে সংসদ সদস্যসহ বিএনপির নেতা–কর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। মারধর করা হচ্ছে। তারা যদি সাবধান না হন, দেশের কোথাও শান্তিতে থাকতে পারবেন না।”