মাদারগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ অক্টোবর ২০২৬ ০৬:৩১ অপরাহ্ণ   |   ৬২ বার পঠিত
মাদারগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আলমগীর হোসাইন, জামালপুর প্রতিনিধি:

 

জামালপুরের মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 

শনিবার (৩ অক্টোবর) দুপুরে মাদারগঞ্জ মডেল থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা।
 

সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক দিলিপ বর্মণ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক রাখাল চন্দ্র বিশ্বাস এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম।
 

প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
 

তিনি বলেন, গুজব বা বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো মণ্ডপে অস্বাভাবিক পরিস্থিতি বা সমস্যা দেখা দিলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
 

সভায় উপজেলার ২৮টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।