সেপ্টেম্বর থেকে অনলাইন আয়কর রিটার্নে যুক্ত হবে ব্যাংক হিসাবের স্বয়ংক্রিয় তথ্য

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ আগu ২০২৬ ০৮:০৪ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
সেপ্টেম্বর থেকে অনলাইন আয়কর রিটার্নে যুক্ত হবে ব্যাংক হিসাবের স্বয়ংক্রিয় তথ্য

ডেস্ক নিউজ, ঢাকা প্রেস

 

ব্যক্তি করদাতাদের জন্য অনলাইন আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ করতে ব্যাংক হিসাবের তথ্য স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি চলতি আগস্ট মাসের মধ্যে শেষ করে আগামী সেপ্টেম্বরের শুরুতে এ সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
 

নতুন ব্যবস্থা চালু হলে করদাতাদের রিটার্ন দাখিলের সময় ব্যাংক হিসাবের তথ্য ম্যানুয়ালি লিখে সংযুক্ত করতে হবে না। ফলে রিটার্ন পূরণে সময় কম লাগার পাশাপাশি তথ্যের ভুলভ্রান্তি ও হয়রানির সুযোগও কমবে বলে মনে করছে এনবিআর।
 

সুবিধাটি থাকবে ঐচ্ছিক

এনবিআর জানিয়েছে, ব্যাংক হিসাবের তথ্য স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করার সুবিধা বাধ্যতামূলক করা হচ্ছে না। করদাতারা চাইলে তাদের সব ব্যাংক হিসাব, নির্দিষ্ট কিছু হিসাব অথবা কোনো হিসাবের তথ্যই স্বয়ংক্রিয়ভাবে যুক্ত না করার সিদ্ধান্ত নিতে পারবেন।
 

তবে স্বয়ংক্রিয় সুবিধা গ্রহণ না করে যারা ব্যাংক হিসাবের তথ্য ম্যানুয়ালি প্রদান করবেন, তাদের রিটার্ন তুলনামূলকভাবে অডিট বা নিরীক্ষার ঝুঁকিতে পড়তে পারেন।
 

রিটার্নে দেখা যাবে চার ধরনের তথ্য

স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হলে করদাতার ব্যাংকিং কার্যক্রমের গুরুত্বপূর্ণ চারটি তথ্য অনলাইন রিটার্নে প্রদর্শিত হবে। এগুলো হলো—

১. আয়বর্ষের শেষ দিন ৩০ জুনের ব্যাংক স্থিতি (ব্যালান্স);
২. ব্যাংক থেকে অর্জিত সুদের পরিমাণ;
৩. উৎসে কর্তন করা আয়কর (AIT);
৪. ব্যাংক সার্ভিস চার্জের পরিমাণ।

 

ব্যাংক তথ্যের গোপনীয়তা থাকবে

ব্যাংক হিসাবের তথ্য স্বয়ংক্রিয়ভাবে এনবিআরের সিস্টেমে যুক্ত হলে গোপনীয়তা নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে এনবিআর।
 

সংস্থাটির ভাষ্য, ব্যাংকের গোপনীয় তথ্য আয়কর কর্মকর্তারা সরাসরি দেখতে পারবেন না। সংশ্লিষ্ট করদাতা নিজস্ব অনলাইন প্রোফাইলে প্রবেশ করে তার ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য দেখতে ও যাচাই করতে পারবেন।
 

এ জন্য দেশের সব ব্যাংকের সঙ্গে প্রয়োজনীয় প্রযুক্তিগত সংযোগের বিষয়টিও চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
 

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে প্রণোদনা

চলতি করবর্ষে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ৫ শতাংশ, সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা পাওয়ার সুযোগ রয়েছে। করদাতারা যাতে সহজে ও নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেন, সে লক্ষ্যেই সেপ্টেম্বরের শুরুতে ব্যাংক হিসাবের স্বয়ংক্রিয় তথ্য সংযোজনের সুবিধা চালুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
 

পর্যায়ক্রমে যুক্ত হবে অন্যান্য আর্থিক তথ্য

এনবিআরের অনলাইন আয়কর রিটার্ন ব্যবস্থায় সঞ্চয়পত্র ও গাড়ির মালিকানার তথ্য স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করার সুবিধা ইতোমধ্যে চালু রয়েছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে করদাতাদের বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন ও সম্পদের তথ্যও এনবিআরের সিস্টেমের সঙ্গে সমন্বয় করার পরিকল্পনা রয়েছে।
 

এ ধরনের সমন্বিত তথ্যভান্ডার গড়ে উঠলে কর ফাঁকি শনাক্ত ও প্রতিরোধের পাশাপাশি সরকারের রাজস্ব আদায় বাড়াতেও তা ভূমিকা রাখবে বলে মনে করছে এনবিআর।
 

বর্তমানে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রবাসে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্যান্য ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক।