লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ জুন ২০২৬ ০৬:১০ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক আপিল করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা আদেশ কার্যকর না করার জন্য স্থগিতাদেশ চেয়ে আবেদনও জমা দেওয়া হয়েছে।

 

বুধবার মন্ত্রণালয়ে এ সংক্রান্ত আপিল ও স্থগিতাদেশের আবেদনপত্র দাখিল করা হয়।

 

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের সহকারী পরিচালক (মেডিকেল) মো. সিদ্দিকুর রহমান সুমন। তিনি জানান, হাসপাতালের পক্ষ থেকে আইনানুগ প্রক্রিয়ায় আপিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।

 

উল্লেখ্য, গত ২৭ মে হাসপাতালটিতে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে তদন্ত ও পর্যালোচনার পর ১১ জুন আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর।

 

পরে ১৭ জুন মানবিক দিক বিবেচনা করে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানায় হাসপাতাল প্রশাসন।

 

এদিকে হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকায় সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়েছেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বিশেষ করে দেশি ও বিদেশি শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বেড়েছে তাদের একাডেমিক ও পেশাগত ভবিষ্যৎ নিয়ে।

 

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এবং ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশনের (এনএমসি) প্রচলিত নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীদের একই প্রতিষ্ঠানে পাঠক্রম সম্পন্ন ও ইন্টার্নশিপ শেষ করা বাধ্যতামূলক। হাসপাতালের বর্তমান পরিস্থিতির কারণে সেই শর্ত পূরণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

এই সংকটের বিষয়টি নিয়ে ভারতীয় শিক্ষার্থীরা চলতি সপ্তাহে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন।

 

তবে তাদের অভিযোগ, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই স্পষ্ট বা চূড়ান্ত আশ্বাস পাওয়া যায়নি।

 

এর আগে ১৪ জুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এক নির্দেশনায় জানায়, শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ চালিয়ে নিতে হলে অন্য কোনো হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে হবে।

 

সে নির্দেশনার পর আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ক্লিনিক্যাল অংশ পরিচালনার জন্য পার্শ্ববর্তী কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন করেছে বলে জানা গেছে।