তাফসির আহাম্মদ, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোছা. ফাতেমা আক্তার ওরফে মিথিলা মনি ওরফে কোকিলা (২৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি (লেবু বাড়ী, পশ্চিম পাড়া) এলাকার বাসিন্দা এবং তাঁর স্বামীর নাম মো. আকরাম হোসেন। অপরজন হলেন মোছা. জান্নাতুল ফেরদৌস ওরফে মায়া (২৪)। তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার ফরাজী কান্দা (বালুর মাঠ) গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মো. নাহিম।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামানসহ পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় দাওয়াতুল হক তা'লীমুল কুরআন মাদরাসার পূর্ব পাশে জনৈক মনির সরকারের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে ওই দুই নারীকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। বিশেষ করে প্রথম আসামি ফাতেমা আক্তার ওরফে কোকিলার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান চলমান থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।