পটিয়ায় বিএনপির মাসব্যাপী কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ নভেম্বর ২০২৬ ০৮:০৮ অপরাহ্ণ   |   ৭১ বার পঠিত
পটিয়ায় বিএনপির মাসব্যাপী কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা

আবদুল হাকিম রানা, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম:

 

বিএনপির কেন্দ্রীয় ঘোষিত মাসব্যাপী কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের পটিয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় পটিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল।

 

পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনাম। সভা সঞ্চালনা করেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।

 

প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক বলেন, পলাতক ফ্যাসিস্ট হাসিনা ও তাঁর দোসররা আর কখনো এ দেশে ফিরে আসতে পারবে না। দেশের মানুষ এখন শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ চায়। কোনো অপশক্তি বা দুষ্কৃতিকারী যেন দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

 

তিনি আরও বলেন, অপপ্রচার বা ষড়যন্ত্রে আতঙ্কিত না হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো অপতৎপরতা মোকাবিলায় প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় সাংগঠনিকভাবে সক্রিয় থাকতে হবে। একই সঙ্গে কেন্দ্র ঘোষিত মাসব্যাপী কর্মসূচি সফল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

 

সভাপতির বক্তব্যে আলহাজ নুরুল ইসলাম সওদাগর বলেন, দলের সাংগঠনিক শক্তি ও ঐক্যই যেকোনো কর্মসূচি সফল করার প্রধান ভিত্তি। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ত করে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে সবাইকে আন্তরিক হতে হবে।

 

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, মো. মঈনুল আলম ছোটন, সাইফুদ্দিন আহমেদ, মোর্শেদুল শফি হিরু, হাজী কামাল উদ্দীন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ ও জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীনসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

সভায় বক্তারা কেন্দ্র ঘোষিত মাসব্যাপী কর্মসূচি সফল করতে দলীয় ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পটিয়ার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।