২০ এপ্রিল বগুড়ায় পৈত্রিক ভিটা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ এপ্রিল ২০২৬ ০৪:১০ অপরাহ্ণ   |   ৫২ বার পঠিত
২০ এপ্রিল বগুড়ায় পৈত্রিক ভিটা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

আগামী ২০ এপ্রিল বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে পৈত্রিক ভিটা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এ সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

 

রোববার (১২ এপ্রিল) বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরের আনুষ্ঠানিক কর্মসূচি এখনো চূড়ান্ত না হলেও ২০ এপ্রিল তার বগুড়া সফরের সম্ভাবনা রয়েছে।

 

জেলা প্রশাসক আরও জানান, সফরকালে প্রধানমন্ত্রী বগুড়া জজকোর্টের একটি কার্যক্রমে অংশ নেবেন। এরপর তিনি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে নিজ পৈত্রিক ভিটা পরিদর্শন করবেন।

 

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তার বাবার নামে প্রতিষ্ঠিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজ-এ ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন। এছাড়া পৈত্রিক ভিটার পাশ দিয়ে প্রবাহিত একটি খাল খনন কাজেরও উদ্বোধন করার কথা রয়েছে।

 

এদিকে সফরের প্রস্তুতি পর্যবেক্ষণে গত শুক্রবার প্রশাসনের একটি প্রতিনিধি দল বাগবাড়ী এলাকা পরিদর্শন করেছে।

 

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বগুড়ার বাগবাড়ী এলাকায় নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ সফরের মাধ্যমে দীর্ঘদিন অবহেলিত এ অঞ্চল উন্নয়নের নতুন ধারায় যুক্ত হবে।