মুরাদনগরে শর্টসার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ জুন ২০২৬ ০২:২০ অপরাহ্ণ   |   ৪৬ বার পঠিত
মুরাদনগরে শর্টসার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের পায়ব (মইয়াকান্দি) গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডে গৃহস্থালির মালামাল, গবাদিপশু, খাদ্যসামগ্রী ও নগদ অর্থসহ প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
 

স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতের কোনো এক সময় ঘরের বৈদ্যুতিক সংযোগে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও অল্প সময়ের মধ্যেই বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
 

ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা সিমন মিয়া জানান, আগুনে তাদের একমাত্র টিনশেড বসতঘরটি পুড়ে যায়। এছাড়া প্রায় ৫০ বস্তা মাছের খাবার, একটি গরু, ২০টি মুরগি ও ১৫টি হাঁস আগুনে নষ্ট হয়েছে। ঘরে রাখা নগদ অর্থ, মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র এবং দীর্ঘদিনের সঞ্চয়ও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
 

তিনি বলেন, “কয়েক মিনিটের আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। দীর্ঘদিনের কষ্টে গড়ে তোলা সম্পদ হারিয়ে এখন আমরা নিঃস্ব। দ্রুত সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন।”
 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশনায় উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বী বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে। তাদের দুর্ভোগ লাঘবে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।”
 

এদিকে স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারটির দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত সহযোগিতা পেলে পরিবারটি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হবে।