কক্সবাজারে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন জেলার দায়িত্বপ্রাপ্ত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তিনি বলেছেন, মাদক শুধু কক্সবাজারের সমস্যা নয়, এটি সারাদেশের একটি গুরুত্বপূর্ণ ইস্যু। মাদক নির্মূলে সরকার কাজ করছে।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসনের আয়োজনে সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কার্যক্রমের তদারকি ও সমন্বয় নিয়ে আলোচনা হয়।
সাচিং প্রু জেরী বলেন, ‘মাদক শুধু কক্সবাজারের নয়; এটি সারাদেশের একটি ইস্যু। কক্সবাজারের পাশাপাশি সারাদেশে সব ধরনের অপরাধের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে।’
তিনি আরও বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন। পারস্পরিক নিবিড় সহযোগিতার মাধ্যমে জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা আরও সুদৃঢ় করা সম্ভব।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আ: মান্নান। এতে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এবং পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জনপ্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী সাচিং প্রু জেরী। তিনি জানান, মাদক নিয়ন্ত্রণে মহল্লায় মহল্লায় মাদক নিয়ন্ত্রণ প্রতিরোধ কমিটি গঠন করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর জনবল ও যানবাহন সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।