দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ কর্মসূচি চালু করছে সরকার। আগামী ১৪ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হবে।
রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাসনালয়ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর জন্য গঠিত সেলের সভাপতি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ উপস্থিত ছিলেন।
ঘোষণা অনুযায়ী, মসজিদের জন্য মাসিক মোট ১০ হাজার টাকা বরাদ্দ থাকবে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম পাবেন ২ হাজার টাকা।
অন্যদিকে মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার জন্য মাসিক ৮ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। মন্দিরে পুরোহিত পাবেন ৫ হাজার টাকা এবং সেবাইত ৩ হাজার টাকা। বৌদ্ধবিহারে বিহার অধ্যক্ষকে দেওয়া হবে ৫ হাজার টাকা এবং উপাধ্যক্ষ পাবেন ৩ হাজার টাকা। গির্জায় যাজক পাবেন ৫ হাজার টাকা এবং সহকারী যাজকের জন্য বরাদ্দ থাকবে ৩ হাজার টাকা।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক সহায়তা ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।