মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো প্রধান:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পরিচ্ছন্নকর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১,২৩৭ জন পরিচ্ছন্নকর্মীর মাঝে এ অনুদান বিতরণ করেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, এ ধরনের উদ্যোগ এই প্রথমবারের মতো গ্রহণ করা হয়েছে, যা পরিচ্ছন্নকর্মীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, শহর পরিচ্ছন্ন রাখতে যারা নিরলস পরিশ্রম করেন, তাদের জন্য এই ঈদ উপহার বিশেষ স্বীকৃতি। তিনি এ উদ্যোগের জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, রাজশাহীকে আরও উন্নত, পরিচ্ছন্ন ও আধুনিক নগরীতে রূপান্তর করতে কাজ চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঈদ উপহার পেয়ে পরিচ্ছন্নকর্মীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এই অনুদান তাদের ঈদ উদযাপনকে সহজ করবে এবং কাজের প্রতি আরও উৎসাহ যোগাবে।