টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও গুলিসহ আব্দুল খালেক ওরফে নাহিদ (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, নাহিদ এলাকায় ‘শীর্ষ ডাকাত’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অপহরণ, মাদক, অস্ত্র ও হত্যা মামলাসহ মোট ১৬টি মামলা রয়েছে।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পশ্চিম লেদা এলাকায় স্থানীয় জনতার সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাহিদকে হেফাজতে নেয়। তিনি পশ্চিম লেদা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, নাহিদসহ অজ্ঞাতপরিচয় আরও পাঁচজন একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এলাকায় প্রবেশ করেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ধাওয়া দেন। এ সময় পাঁচজন পালিয়ে গেলেও নাহিদকে আটক করতে সক্ষম হন স্থানীয়রা।
পরে পুলিশ তল্লাশি চালিয়ে নাহিদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করে। একই সঙ্গে ব্যবহৃত সিএনজির পেছনের বক্স থেকে তিনটি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নাহিদের বিরুদ্ধে ১৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।