ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতিতে একাধিক সিনেমা, থাকছে নতুন চমক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৬ ০২:০৯ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতিতে একাধিক সিনেমা, থাকছে নতুন চমক

মো: আমিনুল ইসলাম

 

দেশের চলচ্চিত্র অঙ্গনে ঈদ মানেই নতুন সিনেমার উৎসব। দর্শকদের বাড়তি আগ্রহ আর প্রযোজক-পরিচালকদের বাণিজ্যিক প্রত্যাশা মিলিয়ে এই সময়টিকে ঘিরে তৈরি হয় বিশেষ আয়োজন। সদ্য সমাপ্ত ঈদুল ফিতরের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেছে আসন্ন ঈদুল আজহার সিনেমা মুক্তির প্রস্তুতি।
 

গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া কয়েকটি সিনেমা এখনও প্রেক্ষাগৃহে চলছে। এর মধ্যে ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’, ‘প্রেসার কুকার’ ও ‘দম’ দর্শকদের মাঝে আলোচনায় ছিল। তবে প্রত্যাশা পূরণে কিছুটা পিছিয়ে ছিল শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। অন্যদিকে ‘বনলতা এক্সপ্রেস’ এখনও দাপটের সঙ্গে প্রেক্ষাগৃহে চলছে।
 

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নির্মাতা-প্রযোজকরা ইতোমধ্যে সম্ভাব্য মুক্তির তালিকা চূড়ান্ত করতে শুরু করেছেন। এর মধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। ‘হাওয়া’ সিনেমার সাফল্যের পর নির্মাতার নতুন এই সিনেমাটি ইতোমধ্যে ঈদে মুক্তির ঘোষণা পেয়েছে। প্রকাশ করা হয়েছে সিনেমার প্রথম গানও।
 

ঈদে শাকিব খানের সিনেমা মুক্তি যেন এখন নিয়মে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার আসছে ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর। মালয়েশিয়াসহ দেশের বিভিন্ন স্থানে এর শুটিং চলছে এবং ঈদে মুক্তির লক্ষ্যে কাজ এগোচ্ছে।
 

এদিকে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’ সিনেমাটিও ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনায় রয়েছে। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটির কিছু অংশের কাজ বাকি থাকায় আগের ঈদে মুক্তি পায়নি। বর্তমানে বাকি কাজ শেষ করে মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে।
 

দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা ‘মাসুদ রানা’ সিনেমাটিও অবশেষে মুক্তির পথে। নির্মাতা সৈকত নাসির পরিচালিত এই সিনেমার বাকি কাজ শেষ করে ঈদে মুক্তির প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রযোজক আব্দুল আজিজ। এতে অভিনয় করেছেন রাসেল রানা ও পূজা চেরি।
 

বুবলী ও আদর আজাদ অভিনীত ‘পিনিক’ সিনেমাটি কয়েক দফা মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়েছে। হল সংকটের কারণে বিলম্বিত হওয়া সিনেমাটি এবার ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
 

এছাড়া রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমাটিও মুক্তির দৌড়ে রয়েছে। এতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, সায়রা আক্তারসহ আরও অনেকে। কিছু শুটিং বাকি থাকলেও দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে।
 

অনিক বিশ্বাস পরিচালিত ‘শিরোনাম’ সিনেমাটিও ঈদে মুক্তির পরিকল্পনায় রয়েছে। সিনেমাটির নাম পরিবর্তনের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
 

অন্যদিকে উপকূলীয় মানুষের জীবন নিয়ে নির্মিত ‘হাঙর’ সিনেমাটিও ঈদুল আজহায় মুক্তির সম্ভাব্য তালিকায় রয়েছে। তন্ময় সূর্য পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি।
 

সব মিলিয়ে, আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে জমজমাট প্রতিযোগিতার আভাস দিচ্ছে একাধিক সিনেমা। এখন দর্শকদের অপেক্ষা—কোন সিনেমা শেষ পর্যন্ত বাজিমাত করে।