আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের নতুন বাজেট প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি জানানো হয়েছে। এর আগে বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে বহুল প্রতীক্ষিত এই বাজেট অধিবেশন শুরু হয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর এটিই বর্তমান সংসদের প্রথম বাজেট অধিবেশন। এর আগে দেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এই বিশেষ অধিবেশন আহ্বান করেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এক বিশাল বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে নতুন সরকার। বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করা, বিভিন্ন খাতে ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বৃদ্ধি, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়নের কারণে এবারের বাজেটে ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে।
নতুন এই বাজেটে মূলত দেশের অর্থনীতি পুনরুদ্ধার, লাগামহীন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নতুন বিনিয়োগ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে এসবের মাঝেও প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতি সামাল দেওয়াকে নতুন বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সব বাধা পেরিয়ে আগামী অর্থবছরে দেশের সার্বিক মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার একটি বড় লক্ষ্য স্থির করছে সরকার।