ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ মার্চ ২০২৬ ১২:০০ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল ১১টায়। অধিবেশন শুরুর পর সংসদের কার্যক্রম পরিচালনার জন্য জ্যেষ্ঠ সংসদ সদস্যকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন-কে অধিবেশনের সভাপতি হিসেবে প্রস্তাব করেন।

 

প্রধানমন্ত্রীর প্রস্তাবের পর সংসদ সদস্যদের সম্মতিতে খন্দকার মোশাররফ হোসেনকে অধিবেশনের সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। এরপর তিনি স্পিকারের আসনে বসে সংসদের কার্যক্রম পরিচালনা শুরু করেন।

 

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের এটি প্রথম অধিবেশন। সংসদে এখনো স্পিকার নির্বাচিত না হওয়ায় প্রথম দিনের কার্যক্রম পরিচালনার জন্য জ্যেষ্ঠ সংসদ সদস্যকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

অধিবেশন চলাকালে স্পিকার নির্বাচনের প্রক্রিয়াও সম্পন্ন হওয়ার কথা রয়েছে। স্পিকার নির্বাচিত হওয়ার পর তিনি শপথ গ্রহণ করবেন এবং পরবর্তী সময় সংসদের অধিবেশন পরিচালনার দায়িত্ব নেবেন।

 

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ উত্থাপন এবং সংসদের কার্যপ্রণালি নির্ধারণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশও সংসদের সামনে উপস্থাপন করা হবে।

 

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সরকার ও বিরোধী দলের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সংসদীয় কার্যক্রম আরও প্রাণবন্ত হবে বলে আশা করা হচ্ছে।