আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিলেন কাইল ওয়াকার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ মার্চ ২০২৬ ০৩:৫০ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিলেন কাইল ওয়াকার

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন ইংল্যান্ডের তারকা ডিফেন্ডার কাইল ওয়াকার। জাতীয় দলের হয়ে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে ওয়াকারের আর মাত্র চার ম্যাচ বাকি ছিল।

 

আন্তর্জাতিক পর্যায়ে ইংল্যান্ডকে টানা ১৪ বছর প্রতিনিধিত্ব করেছেন ওয়াকার। এর মধ্যে দুইবার তার দল ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের ফাইনালে খেলেছে।

 

৩৫ বছর বয়সী এই রাইট-ব্যাক এমন এক সময় জাতীয় দলকে বিদায় জানালেন যখন ফিফা বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন মাস বাকি রয়েছে। ২০১১ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল ওয়াকারের। এই সময়ের মধ্যে থ্রি লায়ন্সদের হয়ে পাঁচটি বড় টুর্নামেন্টে ওয়াকার খেলেছেন।

 

সর্বশেষ জুনে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন। এবারের মৌসুমে বার্নলির হয়ে প্রিমিয়ার লিগে ২৭টি ম্যাচ খেললেও বিশ্বকাপ বাছাইপর্বে তিনি জাতীয় দলে ছিলেন না।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াকার বলেছেন, ‘প্রায় এক দশকেরও বেশী সময় ধরে দেশকে প্রতিনিধিত্ব করার পর আমি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি। ইংল্যান্ডের হয়ে মাঠে খেলতে নামা সবসময়ই ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান ছিল। এই একটি বিষয় নিয়ে আমি সবসময়ই গর্ববোধ করি।

 

এই সুযোগে আমি সতীর্থ, কোচ, ম্যানেজারসহ এ দীর্ঘ যাত্রায় যারা আমাকে সহযোগিতা করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সমর্থকদের প্রতিটি চিৎকার ইংল্যান্ডকে সবসময় একত্রিত করেছে। বিশ্বকাপে দলকে সমর্থন যোগানোর জন্য আমি সমর্থকদের সাথে যোগ দিতে মুখিয়ে আছি। ইংল্যান্ডের জার্সি গায়ে প্রতিটি মুহূর্ত আজীবন স্মরণীয় হয়ে থাকবে।’

 

ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যামের হয়ে ক্লাব ফুটবলেও নিজেকে দারুনভাবে প্রমান করেছেন কাইল ওয়াকার।