২৩ মামলার জট এখনো পিছু ছাড়ছে না ফখরুলের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ মে ২০২৬ ০৩:৪০ অপরাহ্ণ   |   ৪৪ বার পঠিত
২৩ মামলার জট এখনো পিছু ছাড়ছে না ফখরুলের

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর ঘিরে সংঘটিত ঘটনার পর দায়ের হওয়া একাধিক মামলার চাপ এখনো বহন করছেন হেফাজতে ইসলামের সাবেক নেতা ফখরুল ইসলাম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব মামলা থেকে পুরোপুরি মুক্তি না পাওয়ায় তিনি এখনো আইনি জটিলতায় রয়েছেন।

ফখরুল ইসলাম জানান, সে সময় তিনি হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। সমাবেশে অংশগ্রহণের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে মোট ২৩টি মামলা দায়ের করা হয়। 

তিনি বলেন, “অনেক মামলা থেকে কিছুটা স্বস্তি মিললেও এখনো সব মামলা শেষ হয়নি। কবে পুরোপুরি নিষ্পত্তি হবে তা বলা যাচ্ছে না।”

তিনি আরও দাবি করেন, ২০১৩ সালে ধর্মীয় দাবিতে শাপলা চত্বরে জমায়েত হওয়া বিপুল মানুষের ওপর সেদিন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালানো হয়, যেখানে বহু মানুষ হতাহত হন। তার ভাষায়, ওই ঘটনার পর থেকেই ধারাবাহিকভাবে মামলা ও হয়রানির মুখে পড়েন তিনি ও সংশ্লিষ্টরা।

ফখরুলের ভাষ্যমতে, ওই ঘটনার পর দীর্ঘ সময় আত্মগোপনে থাকতে হয়েছে তাকে। পরবর্তীতে গ্রেপ্তার হয়ে প্রায় আড়াই বছরের বেশি সময় কারাগারে ছিলেন বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করে বলেন, “একটি ঘটনার পর একের পর এক মামলা দিয়ে আমাদের জীবনকে জটিল করে ফেলা হয়েছে। এতে বহু পরিবার চরম দুর্ভোগে পড়েছে।”

শাপলা চত্বরের সেই রাতের স্মৃতিচারণ করে তিনি বলেন, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে রাতের গভীরে হঠাৎ অভিযান শুরু হলে চারপাশে বিশৃঙ্খলা তৈরি হয় এবং সবাই নিরাপদ স্থানের খোঁজে ছুটতে থাকে।

ফখরুল আরও দাবি করেন, ওই ঘটনার পর দীর্ঘদিন তাকে স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে এবং পরিবার থেকেও দূরে থাকতে হয়েছে।

তিনি বলেন, “এখনো সেই মামলার চাপ বহন করতে হচ্ছে। কখন মুক্তি মিলবে জানি না।”