মো. আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঘুঘুমারী এলাকায় অবস্থিত ‘ঘুঘুমারী হাজী কাদের সাংবাদিক মাহবুব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’-এর বিরুদ্ধে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন এবং জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা, অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা রয়েছে। তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। ভাষা শহীদদের স্মরণে কোনো কর্মসূচিও পালন করা হয়নি এবং প্রতিষ্ঠানটি বন্ধ ছিল বলে জানান এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় দিবস পালনের মাধ্যমে শিক্ষার্থীদের দেশপ্রেম ও ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়া হয়। এমন ঘটনা অনভিপ্রেত এবং বিষয়টির তদন্ত হওয়া প্রয়োজন।
এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জাতীয় দিবসের কর্মসূচি পালন না হওয়ার বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর হবে না বলে জানান।
মাদারগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার দপ্তরের আওতায় নয়। বিষয়টি কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবে বলে তিনি উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।