আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম :
শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, নিরাপদ জীবন ও স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব খোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক, পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম মিশকাত আহমদসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও স্বাভাবিক বিকাশের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে সুপেয় পানির পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে। একই সঙ্গে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং এটি তাদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে একটি সময়োপযোগী উদ্যোগ।
প্রকল্পটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির এ ব্যবস্থা চালুর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।