জামিন চাই না, বাসায় ফেরার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ আগu ২০২৬ ০৮:০৮ অপরাহ্ণ   |   ৫২ বার পঠিত
জামিন চাই না, বাসায় ফেরার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

ঢাকা প্রেস প্রতিবেদক

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নিজের জামিন আবেদন প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়। এদিন তার জামিন আবেদনের শুনানির জন্য দিন ধার্য ছিল।
 

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানি শুরুর আগে কথা বলার অনুমতি চান দীপু মনি। অনুমতি পেয়ে কাঠগড়ায় থাকা মাইক্রোফোনে তিনি বলেন, প্রায় দুই বছর ধরে তিনি কারাগারে রয়েছেন। গত এপ্রিল মাসে তার পক্ষে জামিন আবেদন করা হলেও এতদিন শুনানি হয়নি। এখন তিনি আর জামিন চান না; বরং আবেদনটি প্রত্যাহার করতে চান।
 

দীপু মনি বলেন, এর আগে জামিন শুনানির সময় ট্রাইব্যুনাল থেকে প্রশ্ন উঠেছিল—‘বাসায় গিয়ে কী করবেন?’ সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখন তার আর বাসায় ফেরার প্রয়োজন নেই।
 

নিজের স্বামী ড. তৌফীক নাওয়াজের কথা উল্লেখ করে দীপু মনি বলেন, তিনি দীর্ঘ সাত বছর শয্যাশায়ী ছিলেন এবং বাকশক্তিও হারিয়েছিলেন। কথা বললে চোখের পলক ফেলে উত্তর দিতেন। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পাঁচ বছর ধরে স্বামীর যত্ন নিয়েছেন বলেও জানান।
 

তিনি বলেন, কারাগারে যাওয়ার পর তার স্বামীকে প্রায় দুই বছর অজ্ঞাত স্থানে আশ্রিত অবস্থায় থাকতে হয়েছে। এ সময়ে তিনি স্বামীর যথাযথ যত্ন নিতে পারেননি। শেষ পর্যন্ত তার স্বামী সেই জীবন মেনে নিতে না পেরে চলে গেছেন।
 

গত ১৮ আগস্ট রাতে ড. তৌফীক নাওয়াজ মারা যান। এর আগে গত ২৬ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতির কারণে স্বামীর কাছে থাকার সুযোগ চেয়ে দীপু মনির আইনজীবী জামিন আবেদন করেছিলেন।
 

ট্রাইব্যুনালে দীপু মনি বলেন, ৩৯ বছরের জীবনসঙ্গীর জীবনের শেষ সময়ে তিনি তার পাশে থাকতে পারেননি। এখন আর বাসায় ফিরে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না। তিনি বলেন, ‘আমি আর কার কাছে যাব? সন্তানরা জামিন চায়। আমার বাসায় যাওয়ার আর তাড়া নেই।’
 

তার বক্তব্য শুনে ট্রাইব্যুনাল বলেন, তারা বিষয়টি নিয়ে ব্যথিত এবং তার আবেদনের যৌক্তিকতা রয়েছে। তবে জামিনের ক্ষেত্রে আদালতকে আরও বিভিন্ন বিষয় বিবেচনায় নিতে হয়।
 

পরে ট্রাইব্যুনাল দীপু মনির জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১৭ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন।