‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার ‘সারকে চুনার তেরি সরকে’ গান প্রকাশের পর থেকেই বিতর্কের জন্ম দেয়। গানটির কথা, দৃশ্যায়ন এবং নারীদের উপস্থাপন নিয়ে অশালীন ও যৌন ইঙ্গিতের অভিযোগ ওঠে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গানটি নিষিদ্ধের দাবিও জানানো হয়। পরে সরকারের নির্দেশনা ও অল ইন্ডিয়া সাইন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের অভিযোগের পর গানটি সরিয়ে নেওয়া হয়।
প্রায় পাঁচ মাস পর গানটি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এর মডেল নোরা ফাতেহি। সম্প্রতি এক পডকাস্টে তিনি দাবি করেন, গানটির হিন্দি সংস্করণ তৈরি এবং সেখানে তাঁর ছবি ও ভিজ্যুয়াল ব্যবহারের ক্ষেত্রে প্রযোজনা সংস্থা তাঁর কাছ থেকে কোনো অনুমতি নেয়নি।
নোরা বলেন, কোনো বিষয়ে নীরব থাকলে অনেকেই সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করেন। সে কারণেই এবার ঘটনাটি নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি।
সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহিকে নিয়ে তৈরি গানটি প্রকাশের পর এর সুর, কথা ও দৃশ্যায়ন নিয়ে সমালোচনা শুরু হয়। বিশেষ করে গানটির কিছু শব্দ এবং নোরার উপস্থিতি নিয়ে আপত্তি ওঠে। বিতর্কের সময় এক ভিডিও বার্তায় নোরা জানিয়েছিলেন, হিন্দি সংস্করণটির সঙ্গে তাঁর সরাসরি কোনো সম্পৃক্ততা নেই।
পডকাস্টে অভিনেত্রী জানান, প্রায় তিন বছর আগে তিনি গানটির কন্নড় সংস্করণের শুটিং করেছিলেন। সঞ্জয় দত্তের মতো বড় তারকার সঙ্গে কাজের সুযোগ এবং বড় বাজেটের সিনেমার অংশ হওয়ার আগ্রহ থেকেই তিনি প্রস্তাবটিতে রাজি হন।
তবে নোরার অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই পরবর্তী সময়ে কন্নড় গানটির হিন্দি সংস্করণ তৈরি করা হয়। এমনকি হিন্দি সংস্করণে এমন কিছু শব্দও যুক্ত করা হয়েছে, যা তাঁর পছন্দ নয়।
গানটির লিরিক্যাল ভিডিও নিয়েও আপত্তি জানিয়েছেন নোরা। তাঁর দাবি, অনুমতি ছাড়াই সেখানে তাঁর কিছু ছবি ব্যবহার করা হয়েছে। এমনকি সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করে ভিডিওতে ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
নোরার ভাষ্য, কন্নড় সংস্করণে তিনি যে কাজ করেছিলেন, পরবর্তী সময়ে তৈরি হিন্দি সংস্করণের বিষয়বস্তু তার সঙ্গে এক নয়। ফলে হিন্দি সংস্করণ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তার দায় তাঁর ওপর বর্তানো উচিত নয়।
শিল্পীদের ছবি, কাজ বা ভিজ্যুয়াল ব্যবহারের আগে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নেওয়া এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি বলেও মন্তব্য করেন নোরা ফাতেহি। তাঁর এই বক্তব্যের পর ‘কেডি: দ্য ডেভিল’-এর বিতর্কিত গানটি নিয়ে পুরোনো আলোচনা নতুন করে সামনে এসেছে।